প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 12, 2025
বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং মাথার ভেতর বুলেটটি আটকে রয়েছে।
আজ শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় জুমার নামাজ শেষে ফেরার পথে শরিফ ওসমান হাদি হামলার শিকার হন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়েছে, বুলেটটি মাথার ভেতরে থাকায় তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
হামলার সময় শরিফ ওসমান হাদির পেছনের রিকশায় থাকা মো. রাফি ঘটনাটির বর্ণনা দিয়ে বলেন, “জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়।”
এদিকে, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর ওপর এমন বর্বর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দ্রুত ও ব্যাপক তদন্তের নির্দেশ দিয়ে বলেছেন, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।